পবিত্র ওমরাহ হজ্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে তিনি ওমরাহ পালন করেন। এসময় তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধু ডা. জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমান ওমরাহ পালন করেন।
রাত সোয়া একটার দিকে নবনির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে তাওয়াফ শুরু করে রাত তিনটার দিকে ওমরাহ সম্পন্ন করেন খালেদা জিয়া। তিনি ট্রলিতে করে তাওয়াফ ও সাফা-মারওয়া ‘সায়ী’ করেন।
ওমরাহ’র আনুষ্ঠানিকতা শেষে মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে খালেদা জিয়া, তারেক রহমান ও সফরসঙ্গীদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনা এবং গণতন্ত্র, স্থিতিশীলতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। মোনাজাতে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
পরে কাবা শরীফ সংলগ্ন রয়েল প্যালেসে যান তিনি। আগামী ২৬ জুলাই পর্যন্ত সফরসঙ্গীদের নিয়ে খালেদা জিয়া রয়েল প্যালেসেই অবস্থান করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, বুধবার প্রথম প্রহরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালন করেছেন। ইবাদত বন্দেগী করেই তারা সময় কাটাচ্ছেন। মক্কায় অবস্থানকালে তারা পবিত্র কাবা শরীফে নামাজ আদায় এবং বিশেষ ইবাদত করবেন। সফরের শেষ দিনে তারা বিদায়ী তাওয়াফ করবেন এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করবেন।
ওমরাহ পালনকালে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকিবুল ইসলাম বকুল, সৌদি আরব বিএনপি নেতা আবদুর রহমান, মক্কা বিএনপির সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, তাঁতী দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, মক্কা বিএনপির মহানগর সভাপতি ফেরদৌস আহমেদ মিতু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
এর আগে মদীনায় তিন দিন বিশেষ ইবাদত ও হযরত মুহাম্মদ সা.-এর রওজা জিয়ারত শেষে মঙ্গলবার রাতে সফরসঙ্গীদের নিয়ে তিনি বিমানযোগে জেদ্দা আসেন। জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তজার্তিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের স্বাগত জানান বিএনপি নেতা ও সৌদি আরব সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন। গেইটের বাইরে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন জেদ্দা মহানগর বিএনপি নেতা এম এ আজাদ চয়ন, কেফায়েতউল্লাহ চৌধুরী ও গিয়াসউদ্দিন আল মারুফ, যুবদলের পশ্চিমাঞ্চল সভাপতি মোজাম্মেল হোসেন, জেদ্দা যুবদলের নেতা প্রিন্স লিনটন, স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আহমেদ,বিএনপি নেতাওয়ায়েছ আহমেদ, মোজাম্মেল হোসেন রিপন, আনোয়ার জাহিদ, মোশাররফ হোসেন, আজাদ, শিপন, হানিস সরকার,রঞ্জু আহমেদ, আবদুস শহীদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান, আলমগীর হোসেন ও মেহেদী হাসান, তায়েফ বিএনপির নেতা রুবেল প্রমুখ।
ঢাকা, এমআর, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





