ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, 'দেশের বর্তমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে।'
শুক্রবার পাবনা সার্কিট হাউসে পাবনা জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বলো, পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, র্যাব কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শামসুর রহমান শরীফ বলেন, 'কুচক্রী মহলটি সন্ত্রাস ও অরাজক অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না।' তিনি দেশের উন্নয়নে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৪০ বছর পর হলেও তাদের বিচারের আওতায় এনে তা কার্যকর করেছে। সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।'
তিনি বলেন, 'যে কোন মূল্যে দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।' গত ১০ জুন পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্য রঞ্জন পাণ্ডের হত্যার ব্যাপারে মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘুদের ভয় ভীতির মাধ্যমে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করে আইন-শৃঙ্খলাকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে।
তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপপ্রয়াসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
এমআর





