বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মাহমুদুর রহমান কারামুক্ত হলেও গুমের আশঙ্কা থেকে মুক্ত তিনি নন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, সরকার গণমাধ্যমের গলা চেপে ধরার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় মাহমুদুর রহমান ৭০টি মামলায় জামিন পাওয়ার পর আবারো দুটি পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্টে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তবে তিনি কারা মুক্ত হলে গুম-খুনের আশঙ্কাতো থাকছেই।
তিনি বলেন, বর্তমান সরকারের নীতি অনুযায়ী গণমাধ্যমকে সবসময় তার প্রশংসা করতে হবে। কেউ এর ব্যাতিক্রম করলেই, তার বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। তারই প্রমাণ মাহফুজ আনামের বিরুদ্ধে নয় দিনে ৮২ হাজার কোটি টাকার মানহানি ও ৬৮ টি মামলা দেয়া হয়েছে। অথচ তিনি আওয়ামী লীগেরই লোক ছিলেন।
মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে তিনি বলেন, মানহানির মামলায় কখনই গ্রেফতারি পরোয়ানা হতে পারে না। ইতিহাসে এই প্রথম কোন মানহানির মামলায় একজন নামকরা সম্পাদকের বিরুদ্ধে সমন জারির পরিবর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। যা আইনে ব্যতিক্রম।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে জনগণের স্বার্থে আপনারা পদত্যাগ করুন।
সভা থেকে সরকারকে হুঁশিয়ারী দিয়ে খন্দকার মাহবুব বলেন, আপনারা জানেন না আগ্নেয়গিরির ওপর বসে আছেন। অতীতের কোন সরকার মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা খর্ব করে টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। গণবিষ্ফোরণের মাধ্যমে যে কোন সময় এ সরকারের পতন হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
এমএম





