বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়েছে।

আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাইরে বের হওয়ার সময় ভবনটির ফটক থেকে এই নেতাকে আটক করে পুলিশ।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) সিদ্দিকুর রহমান জানান, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই আলালকে আটক করা হয়েছে।

কী কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি পালন করতে আজ (শনিবার) সকাল ১০টার আগে থেকেই কালো পতাকা নিয়ে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু পুলিশ তাদের দাঁড়াতেই দেয়নি। জলকামান, লাঠিপেটায় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরফলে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এসময় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হয়েছে।এরই মধ্যে নারী-পুরুষ’সহ বিএনপির ৫৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার রেজভী আক্তার।

এমবি