গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে ৯ দিন ধরে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে যখন গণমাধ্যম থাকে না তখন কি হয় সেখানে?

রাতে গণমাধ্যম ও পুলিশ ছাড়া গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আর কারও অবস্থান করার সুযোগ দেওয়া হয় না। রাত ২টার পর থেকে একে একে গণমাধ্যমকর্মীরা চলে যেতে থাকেন। সব গণমাধ্যমকর্মীরা চলে যাওয়ার পরও কার্যালয়ের মূল গেটের সামনে পুলিশের অবস্থান ছিল।

কার্যালয়ের আশপাশে এক প্লাটুন নারী ও এক প্লাটুন পুরুষ পুলিশ দায়িত্বে থাকেন। তাদের মধ্যে মূল গেটের সামনে ৬ জন নারী ও ৬ জন পুরুষ কনস্টেবল পাহারায় ছিলেন। কিছুক্ষণ পর পর এই ১২ জন কনস্টেবলের স্থানে অন্য ১২ জন আসেন। এভাবে পালাবদল করে তারা দায়িত্ব পালন করছিলেন।

ভোরের দিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে উষ্ণ হওয়ার চেষ্টা করছিলেন। ভোর ৫টার দিকে কার্যালয়ের সামনে থাকা সাঁজোয়াযানটি সরিয়ে নেওয়া হয়। তবে কার্যালয়ের ডান পাশের দুইটি পুলিশ ভ্যান ও বাম পাশের জলকামানটি সরানো হয়নি। সেগুলো দিয়ে দু’পাশে আড়াআড়িভাবে রাস্তা আটকে রাখা হয়।

সকাল ৭টার দিকে নারী ও পুরুষ পুলিশের আরেক প্লাটুন আসার পর রাতের কর্তব্যরতরা ব্যারাকে ফিরে যান। সকালে দায়িত্বরত পুলিশ সদস্যরাও একইভাবে দায়িত্ব পালন করতে থাকেন।

এএইচ