একবার হলেও জয়বাংলা- জয়বঙ্গবন্ধু বলতে হবে, না হলে এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, লা ইলাহা ইললাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখ পঁচেনি। তাই বিরোধী দলকে বলবো ‘একবার হলেও বঙ্গবন্ধু বলুক, জয়বাংলা বলুক না হলে দেশে থাকতে পারবে না’। বাংলাদেশ ছাড়তে হবে।
বঙ্গবন্ধুকে মূল বৃক্ষ বলে অভিহিত করে তিনি আরো বলেন, যারা জয়বাংলা বলতে পারে না। এখনও জিন্দাবাদের মধ্যে আছেন। তাদের জন্য এটা দুর্ভাগ্য। অন্ত:ত একবার জয় বাংলা বলুন। জিন্দাবাদ বলবেন না।
তিনি বলেন, যারা জয়বাংলা আজকে বলে না। তাদের সবাইকে একদিন বলতে হবে। বলতে বাধ্য হতে হবে। তা না হলে এদেশ থাকতে পারবে না।
মানকিন বলেন, আজকে যদি ধর্মের ভিত্তিতে দেশ চলতো তবে আমি আজকে মন্ত্রী হতে পারতাম না। এখানে আসতে পারতাম না। আপনারাও এখানে আসতে পারতেন না।
সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ।
এমআর, জেএ





