বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও টকশো ব্যক্তিত্ব ড. পিয়াস করিম ও তার বাবাকে রাজাকার বলে অপমান করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত পিয়াস করিম স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পিয়াস করিম মুক্তিযুদ্ধের সময়ে মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণ করতেন। অথচ তাকে এবং তার বাবাকে রাজাকার বলা হয়েছে। আর মাধ্যমে তাকে অপমান করা হয়েছে।’
পিয়াস করিমের পক্ষে কথা বলার জন্য আইনমন্ত্রী আনিছুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে মাহবুব বলেন, ‘এতে বোঝা যায় সরকারেও কিছু ভাল লোক আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘পিয়াস করিম গণতন্ত্রের বিরুদ্ধে যে অভিযোগ করতেন, দেশের অবক্ষয়ের কারণে তার মনে যে যাতনার ক্ষত তৈরি হয়েছিল তা তিনি প্রতিনিয়ত রাত জেগে মানুষকে বলতেন। সত্য বলার জন্য তার যে দীপ্ত উচ্চারণ তা বিশ্বে বিরল।’
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল হায়াদার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ভুঁইয়া প্রমুখ।
জেআই





