বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় এবং আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার বিকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, সরকারের মেয়াদ পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না। এ সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কার্যকলাপ চালিয়ে যাব।
বাণিজ্যমন্ত্রী বলেন,বিদেশি রাষ্ট্রদূতরা এ সরকারকে সমর্থন ও অভিনন্দন জানাচ্ছেন। বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে। আগামী পাঁচ বছর কোনো বৈদেশিক চাপ আসবে না।
তিনি বলেন,সংলাপের কথা আমাদের না,এটা বিদেশিরা বলছেন। অন্যদিকে উইলিয়াম হানা সাংবাদিকদের জানান,ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চায়।  
এর আগে সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি বিএনপির সঙ্গে সরকারের সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে বাণিজ্যমন্ত্রী তাকে বলেন,সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তবে বর্তমান সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে। বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা সহিংসতা থেকে সরে এসেছে।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডিডটকম)/কেএইচ
[/b]