রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে চলা অভিযান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, “আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছেন।”

বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিক।

নিহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৩ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।  

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।   

আগুন লাগার কারণে পাশের ভবনে থাকা রেডিও টুডের সম্প্রচার বন্ধ রয়েছে। এছাড়া, দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব। 

এমবি