বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশের মানুষের উপর সরকারী বাহিনী বর্বোরচিত নির্যাতন চালাচ্ছে। এ অবৈধ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বন্ধ করেছে সভা-সমাবেশ, ভোটাধিকারসহ সাংবিধানিক সব অধিকার। জাতি আজ ভয়াবহ নিপীড়িত অবস্থায় আবর্তিত। আজ শুক্রবার দুপুরে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্টেদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া ভিত্তিহীন অভিযোগে আইন শৃংখলা বাহিনী বিরোধী মতের নেতাকর্মীদের গুম করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, যেভাবে ইয়াহিয়া ও এরশাদকে হটিয়েছি সেভাবেই এ সরকারকে আমরা হটাবো। জনগণের রাজনীতির কাছে যুগে যুগে স্বৈরাচারী সরকার পরাজিত হয়েছে। এ সরকারকেও আমরা হটাতে সক্ষম হবো।

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান প্রমুখ।

এসটি