বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

মঙ্গবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) আয়োজিত ‘সংবাদ পত্রের স্বাধীনতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান" শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অলি আহমেদ বলেন, "গণতন্ত্রের পূর্বশর্ত সংবাদ পত্রের স্বাধীনতা। জনগণের জান মালের নিরাপত্তা দেয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি সংবাদপত্রের স্বাধীনতা দেয়াও এর দায়িত্ব। কিন্তু সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে"

তিনি বলেন,"অতীতে সব সরকারই সব সুযোগ সুবিধার ক্ষেত্রে দলীয়করণ করার চেষ্টা করেছে। কেউ করেছে ৫ শতাংশ, কেউ ১০ শতাংশ। কিন্ত বর্তমান সরকার দলীয়করণের ক্ষেত্রে সব রেকর্ড ভঙ্গ করেছে। তাই এই সরকারের দলীয়করণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।"

তিনি আরো বলেন, "বর্তমান সরকারের কাজের ক্ষেত্রে নিয়ম শৃঙ্ক্ষলার যথেষ্ট অভাব রয়েছে।যারা হাজার কোটি টাকা লুট পাট করে, তাদেরকে এই সরকার কিছুই করতে পারে না। অথচ যারা অত্যন্ত সৎ, লুটপাটের কথা চিন্তাই করতে পারে না, তারা নির্যাতনের স্বীকার হচ্ছে।"

এ সময় তিনি সাংবাদিকদেরকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্ববান জানান।

আলোচনা সভায় অংশ নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আমানউল্লাহ কবির বলেন, "বিএনপি এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র হল স্বৈরাচার তৈরির দলীল। তারা যে যখন সুযোগ পেয়েছে ক্ষমতাকে আকড়ে ধরে রাখতে চেয়েছে।"

দেশের চলমান সমস্যার অন্যতম কারণ শক্তিশালী বিরোধী দলের অভাব উল্লেখ করে তিনি বলেন,"আজকে বাংলাদেশে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকত তাহলে দেশের অবস্থা এই ধরনের হত না। বাস্তবে বাংলাদেশে কোন বিরোধী দল নেই, সংসদে বিরোধী দল নেই,রাজ পথে নেই, কোথাও নেই।"

তিনি আরো বলেন,"আজকে বাংলাদেশে যে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে তার জন্য আমরা সাংবাদিকরা কম দায়ী নই। কারণ আমাদের মধ্যে কোন ঐক্য নেই। কোন সরকারই সাংবাদিকদের স্বাধীনতা দেয়নি বরং সাংবাদিকরা আন্দোলন করেই আদায় করেছে।"

আয়োজক সংগঠনের ঢাকা মহানগরীর আহ্ববায়ক সৈয়দ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এলাহী নেওয়াজ খান সাজু, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

এমএ