আগামী বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ।

সোমবার রাত সোয়া ১১ দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার পুরো পরিবারই বৃহস্পতিবার দেশে ফিরবেন।

সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন।

মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের এই গেরিলা যোদ্ধা দীর্ঘ পাঁচ বছর দুরারোগ্য কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তিনি একাধারে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুবারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

এম বিল্লাহ