যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায়ে আমৃত্যু সাজা পাওয়ায় জামায়াতে ইসলামী খুশি বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এ নেতা বলেন, সাঈদীর রায়ে মুক্তিযোদ্ধারা খুশি হতে পারেনি। তার (সাঈদী) রায়ে জামায়াত খুশি হয়ে হরতাল ডেকেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল বিরোধী অবস্থানের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেদের পিঠ বাঁচাতে জামায়াত হরতাল দিয়েছেন। ফাঁসি থেকে বেঁচে যাওয়ায় আনন্দিত হয়েই এ হরতাল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এ রায় মেনে নিতে পারছি না। দেশের সাধারণ মানুষও এ রায় মেনে নেয়নি।

এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সাঈদীর রায় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের কোন শক্তি বিভ্রান্তি ছড়াবেন না। সাঈদীকে আমৃত্যু কাদারাদণ্ড দেয়ার প্রতিবাদে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল ডেকেছে জামায়াত।

জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী অবস্থান নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা, এমআর, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর