অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি প্রবীন আইনজীবী ড. কামাল হোসেন সবাইকে কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেছেন, 'নিরপেক্ষ নির্বাচন কারও দয়া মায়া নয়; এটা নিশ্চিত করেছে সংবিধান। মানুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।'
তিনি বলেন, 'জনগণকে সক্রিয়ভাবে দেশ শাসনে অংশগ্রহণ করতে হবে। শুধু একদিন ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ হয় না। মালিকরা যদি তাদের সঠিক প্রতিনিধি নির্বাচন না করেন, তবে তারা বঞ্চিত হন। সেই দায়িত্ব মনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে।'
এসময় তিনি দাবি করেন, তফসিল ঘোষণার পরও ৬৮২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে কীনা- মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নোত্তরে ড. কামাল বলেন, 'আশা করি জনগনের সমর্থন পাবো। ক্ষমতায় গেলে যা করবো, সংবিধান অনুসারেই করবো।'
তিনি আরও বলেন, 'মানুষের আকাঙ্খা পূরণে প্রয়োজনে সংবিধানে নতুন ধারা সংযোজন করা হবে।' নির্বাচনকে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেয়ার পরও গ্রেপ্তার বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি চলতে থাকলে বড় কর্মসুচি দেওয়া হবে।'
এসএম





