বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ঈদের পর যদি সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক সরকার হটানোর চেষ্টা করেন তাহলে সরকারের প্রশাসনিক অঙ্গ বসে থাকবে না।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটমিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে আন্দোলনের হেড মাস্টার উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ২টি বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে কেউ পারবে না, একটি হলো মুক্তিযুদ্ধ ও অন্যটি আন্দোলন। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, অসাংবিধানিক রাজনৈতিক থেকে সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসুন। অগণতান্ত্রিক পথে সরকারকে হটানোর চিন্তা বাদ দিয়ে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের চেষ্টা করুন। এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

তিনি বলনে,‘একজন বলছে ঈদের পর আওয়ামী লীগের পতন ঘটানো হবে। আরেক জন বলছে আয় আমরাও রেডি। এটা গণতন্ত্র নয়’। সবাইকে একটা কথা মনে রাখতে হবে। একা গণতন্ত্রের মালিক হওয়া যাবে না। সকলকে নিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

‘জামায়াত-উগ্রবাদ ও জঙ্গিবাদকে পরিত্যাগ করে, কোন সরকারকে উৎখাত করে নয়, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য বিএনপিকে আহবান জানান সাবেক এ মন্ত্রী’।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন,‘আরেক জন আছে এরশাদ সাহেব। ঢাকের ঢোল। যে আসে সে দুইটা বাড়ি দিয়ে যায়।তিনি বিচিত্র প্রেসিডেন্ট। বিএনপি এখন এরশাদকে বলছে ক্ষমা চাইতে হবে। আবার নির্বাচন আসলে বিএনপি নিজেই ক্ষমা চেয়ে দলে বেড়াতে চায়। এই রাজনীতি থেকে এরশাদকেও বেড়িয়ে আসতে হবে’।

ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এআর