বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।   

নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইইউ সংসদীয় উপ-কমিটির সহ-সভাপতি ক্রিস্চিয়ান ড্যান পেরেডার।

বিএনপির পক্ষে দলের চেয়ারপারসনসহ উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

প্রতিনিধি দলটি চারদিনের সফরে ঢাকা এসেছে। এই সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

এম/এইচ/কেএইচ