বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন। যদি তিনি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে তা বাইচান্স মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন, সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার।
রোববার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের ঘোষিত বাজেটর ওপর আলোচনায় এমন মন্তব্য করেন হুইপ।
শহিদুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিএনপির কোনো অবদান নেই। তাদের দলে যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন তারাও বাইচান্স মুক্তিযোদ্ধা।
তিনি আরও বলেন, জামায়াত একটি ফরমালিন জাতীয় পদার্থ। এই ফরমালিন বিএনপিতে মিশে ওই দলটিকেও ধ্বংস করেছে।
২০১৪-১৫ অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে বিএনপি-জামায়াত এক বাক্য সমালোচনা করতে পারেনি। সমালোচনা করতে না পেরে তারা অবশেষে এই সরকারকে অবৈধ ঘোষণা করেছে।
তারা বলেছে, অবৈধ সরকারের বাজেটও নাকি অবৈধ। অথচ হাইকোর্ট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জন সংসদ সদস্যকে বৈধতা দেওয়া হয়েছে।
ঢাকা,২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর





