ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার আনুমানিক বিকাল ৫টায় উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আলোচনায় বসে।
এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের সমর্থক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুরুজ মিয়ার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। তৃণমূল ভোটিং পদ্ধতি বাদ দিয়ে প্রমোদ মানকিনের সিদ্ধান্ত মানতে হবে বলে তারা স্লোগান দেয়। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। এর মধ্যে গুরুতর আহত স্থানীয় ছাত্রলীগ নেতা আনিস আকন্দ, সাবেক যুবলীগ নেতা সালাহউদ্দিন ও আবুল কাশেমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের সত্যতা স্বীকার করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী ইমারত হোসেন জানান, মৃদু সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
[b]ঢাকা, ২২ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]