জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ, আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জান বাজি রেখে লড়াই করছেন। এই লড়াই সংগ্রাম শেষ পর্যন্ত নিয়ে যেতে কোনো ধরণের উৎপাত সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে দুর্বল করে এমন দল ও দখলবাজি আমরা সহ্য করবো না।
সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও মহাজোট ১৪ দলের নেতৃত্বে সারা দেশে সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ, আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে যখন লড়াই চলছে তখন সামনে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ কাজকে এগিয়ে নিয়ে যাবার সময় মহাজোটের ছাতার তলে দলবাজি ও দখলবাজির মতো উৎপাত শুরু হয়ে গেছে। বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ থেকে রেহাই দেয়ার চেষ্টা হচ্ছে।
শরীফ নুরুল আম্বিয়া বলেন, দেশে শিশু নারী নির্যাতনের মতো ঘটনা বন্যার মতো বেড়ে গেছে। এটা মহাজোট সরকারের বিরুদ্ধে এক ধরণের ষড়যন্ত্র।
সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপিসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এএইচ





