পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রচলিত নাম লোটাস কামালের ব্যাখ্যা করতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তাকে ‘গোবরে পদ্মফুল’ বলে উল্লেখ করেছেন। এতে সংসদ সদস্যদের বিব্রত হতে দেখা গেছে।
লতিফ সিদ্দিকী বলেন, আমাদের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আরেকটি নাম লোটাস কামাল নিয়ে অনেকের মনে জিজ্ঞাসা আছে, কেন তার নামটা লোটাস কামাল হলো? এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমার কাছে মনে হয়েছে, ছাত্রজীবনে মুস্তফা কামালের জ্ঞান আহরণের ক্ষমতা ও বিচজ্ঞনতা দেখে শিক্ষকরা তাকে ‘লোটাস বা গোবরে পদ্মফুল’ বলতেন।
সোমবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ জানাতে গিয়ে পয়েন্ট অর্ডারে এমন মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
লতিফ সিদ্দিকীর এমন মন্তব্যে সংসদে উপস্থিত অন্যান্য সদস্যরা বিব্রতকর মনোভাব প্রকাশ করলে লতিফ সিদ্দিকী বলেন, এটা আমার মতো একটা ব্যাখ্যা।
গত ২৬ জুন আইসিসি’র এক সভায় আ হ ম মুস্তফা কামালকে সভাপতি নির্বাচিত করায় বিষয়টি সংসদের নজরে এনে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য প্রস্তাব করেন লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকীর এমন প্রস্তাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, আ হ ম মুস্তফা কামালের আইসিসি’র সভাপতি নির্বাচিত হওয়াটা দেশের জন্য অবশ্যই গর্বের ও বড় অর্জনের বিষয়। কিন্তু সংসদে তার জন্য কোনো ধন্যবাদ প্রস্তাব আনতে হলে বিধি অনুযায়ী সংসদকে নোটিস করা হলে সংসদ তা বিবেচনা করবে।
ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





