বিরোধী দলকে ভয় পাইয়ে দিতে সরকার কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণের নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ তোলেন।
রাজধানীর নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক দল এই কর্মীসভার আয়োজন করে।
রিজভী বলেন, 'খবরদার যদি আর কেউ কথা বলো তোমাদের পরিণতি ফরহাদ মজহারের মতো হবে'- এটা হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর, শানিত লেখনি তাদেরকে ও বিরোধী দলকে ভয় পাইয়ে দেয়ার ম্যাসেজ। অতএব আর কেউ লেখো না, বলো না, তাদের কণ্ঠস্বর থেকে আর কোনো ধ্বনি যেন উচ্চারিত না হয়। এই কারণে ফরহাদ মজহারের নাটক করা হয়েছে।
তিনি বলেন, এই নাটকের সম্পূর্ণ পরিচালক প্রযোজক সরকার, শেখ হাসিনা। আমি বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আগামী নির্বাচনের আগে এ রকম নাটক করে কোনো লাভ হবে না জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবেই। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না। ক্ষমতাসীনদের বলব, নির্বাচন হবে দল নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।
তিনি বলেন, 'আল্লাহর কাছে হাজার শোকর, ফরহাদ মজহারকে তারা হজম করতে পারেনি।'
ফরহাদ মজহারের একটি কবিতার লাইন তুলে ধরে রিজভী বলেন, আমি মৃত্যুকে ভয় করি না কিন্ত গুম হয়ে যেতেই ভয় করি। অদ্ভুত কী কাকতালীয় ঘটনা। যিনি এই কবিতা লিখেছেন তার জীবনেও গুম হয়ে যাওয়া ঘটনা ঘটেছে। কবি ফরহাদ মজহারকে কী একজন ছিঁচকে সন্ত্রাসী অপহরণ করতে পারে, যদি রাষ্ট্রের আনুকূল্য না থাকে! রাষ্ট্রের আনুকূল্যে তাকে অপহরণ করা হয়েছে।
এই অপহরণের সম্ভাব্য কারণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ঘটনার ১৬ ঘণ্টার আগে ভারতে মুসলিম নিধনে ডিআরইউতে মাহমুদুর রহমান প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে ফরহাদ মজহারও ছিলেন।
খুলনার ডিআইজি দিদার আহম্মেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, সাজানো নাটক তো আপনারাই করেন। ইলিয়াস আলীকে কীভাবে সাজানো নাটকের মধ্য দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো। একের পর এক তুলে নিয়ে যাওয়া হয়েছে, সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবীর পারভেজ, চৌধুরী আলমসহ বহু নেতাকর্মীকে।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে এসব গুম হচ্ছে, অপহরণ হচ্ছে। এখন পাগলেও বুঝে যে রাষ্ট্র এই অপহরণের সঙ্গে জড়িত।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ওই সময়কার যুগ্ম মহাসচিব বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নাটক করে ভারতের শিলংয়ে উদ্ধার পাওয়ার ঘটনাও তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
স্বেচ্ছাসেবক দলের মহানগর দক্ষিনের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এই কর্মীসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, ইয়াসীন আলী প্রমুখ।
এমএনজে





