শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আল্লামা আশরাফ আলী আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে জামায়াতের আমির বলেন, “দেশের দীনি শিক্ষা বিস্তার ও প্রসারে আল্লামা আশরাফ আলীর বিরাট অবদান রয়েছে। তিনি ছিলেন দেশের বিপুল সংখ্যক আলেমের উস্তাদ। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ ইসলামী শিক্ষাবিদকে হারাল।”
শোকবাণীতে আল্লামা আশরাফ আলীর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন।
তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি
শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১.৪০ মিনিটে ঢাকা আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও ছয় ছেলে রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিটে নিজ এলাকা কুমিল্লা সদর দক্ষিণ আলীর বাজার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। তার ইন্তেকালে বিভিন্ন উলামায়ে কেরাম ও ইসলামী দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এমবি





