আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নীতিমালায় সম্প্রচার আইন এবং একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে। তথ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশের পর তা কার্যকর শুরু হবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সম্প্রচার নতিমালা, ২০১৪’-এর খসড়া অনুমোদনের পর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

জাতীয় সম্প্রচার নীতিমালা একটি যুগান্তকারী পদক্ষেপ মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এটা গণমাধ্যম জগতে নতুন দিন উন্মোচনকারী পদক্ষেপ। বিকাশমান সম্প্রচার জগত গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। চন্তার বহুমাত্রিকতা ও বৈচিত্র্য বজায় থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, এই নীতিমালার মাধ্যমে নাগরিক স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। গণমাধ্যমকে সংকুচিত করার জন্য নীতিমালা করা হয়নি। বিদ্যমান যেসব আইনে গণমাধ্যম পরিচালিত হচ্ছে, সেগুলো সমন্বিত করে নীতিমালা তৈরি করা হয়েছে।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই