বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের মতো এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশ জনদল এ আলোচনা সভার আয়োজন করে।

বদরুদ্দোজা বলেন, ‘বর্তমান সরকারের মতো এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। গণতন্ত্রের মূল্যবোধের কথা বলে বিনা ভোটে সংসদ তৈরির মাধ্যমে সেই সংসদ বহাল রেখে তারা নির্বাচন করতে চায়।

সাত বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। পররাষ্ট্রনীতিতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার গরিবের অর্থ শোষণ করে দুর্নীতির পরাকাষ্ঠে পৌঁছে গেছে।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সামনে নির্বাচন বলেই ভারত, চীন এবং রাশিয়া এই তিন শক্তিশালী দেশের চাপের কারণে সরকার রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সঙ্গে গোপনে কোনো চুক্তি করছে কি না সন্দেহ হচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধান করতে না পারা সরকারের অদক্ষতা।’

সভায় জনদলের মহাসচিব মো. মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনদলের চেয়ারম্যান ডা. এস এম শাহজাহান।

আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

এমএ