বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে।
আজ বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন হাওরে প্রধানমন্ত্রী নানান পদের খাবার দিয়ে উৎসব করছে। সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপির কয়েক ধাপে আন্দোলনে এই পরিণতি থেকে দেশকে রক্ষা করতে চায়। কারণ, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।
এবিএস





