বিএনপিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ক্রিমিনাল অপরাধ করেছে। ফরমালিন ব্যবহার করা হয় খারাপ কাজে। তাহলে কি তিনি বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছেন? কোন রাজনৈতিক দলকে ধ্বংস করার ষড়যন্ত্র জঘণ্য অপরাধ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স হলে দেশপ্রেমিক যুব শক্তির আয়োজনে জিয়া পরিবারকে নিয়ে মিথ্যাচার ষড়যন্ত্র এবং বর্তমান বিতর্কিত সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে সংলাপ, বিচার বিভাগ হস্তক্ষেপ, সরকারের দুর্নীতি সর্বশেষ ৫ জানুয়ারীর নির্বাচনের পর আওয়ামী লীগকে কেউ গণতন্ত্রের বাহক হিসেবে দেখে না। বর্তমান সরকার গায়ের জোরে স্বঘোষিত সরকার। ৫ জানুয়ারি নির্বাচন হয়নি। ৯৫ ভাগ জনগণ নির্বাচন বর্জন করায় সেটাকে কোন নির্বাচন বলা যায় না।
তিনি বলেন, শেখ মুজিব ছাড়া আওয়ামী লীগের কোন পুঁজি নেই। সে পুঁজিকেও তারা সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। শেখ মুজিবকে এমন ভাবে মেকআপ করছে জনগণ আর তাকে চিনতে পারবে না। তাকে জাতির কাছে বিতর্কিত করে ফেলেছে।
শেখ হাসিনা শুধু রাজনৈতিক নেতা নন। অভিনেতাও বটে। হাসিনাকে যদি কোন ছবিতে অভিনয় করানো যায় তাহলে সে ছবি অস্কার পুরষ্কার পাবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
জামায়াত যেখানে যাবে তাকেই খাবে এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, জামায়াত যদি আওয়ামী লীগে যোগ দেয় তাহলে আমি সব চেয়ে খুশি হব। যেদিন যোগ দিবে তার পরের দিন পত্রিকায় দেখবো আওয়ামী লীগ আর নেই। সবাই জামায়াত হয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার মত নির্বোধ মহিলা বাংলাদেশে আর নেই। গণতন্ত্র না থাকলে আপনি বেচেঁ থাকবেন না। তাই গণতন্ত্রকে হত্যা করবেন না। গণতন্ত্রের স্বার্থে একটি সুষ্ঠ নির্বাচন দিন। তাহলে আপনিও বেঁচে যাবেন, গণতন্ত্রও টিকে থাকবে জনগণও স্বস্তি পাবে।
আয়োজক সংগঠনের সভাপতি আহসান উল্লাহ শামীমের সভাতিত্বে আরো বক্তব্য রাখেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





