আগামীতে সরকার পতনের জন্য কঠোর আন্দোলন করতে দলকে ঢেলে সাজাবে বিএনপি। দলের নতুন কমিটিতে শুধু নিবেদিত প্রাণ কর্মীদেরই অবস্থান থাকবে, ফাঁকিবাজদের কোন স্থান হবে না বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার(অবঃ)আ স ম হান্নান শাহ।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসীদল আয়োজিত ‘বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, আমরা অতীতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন করেছি। এবার দল পূর্ণগঠন করে ঢেলে সাজিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান সরকারকে বলার কিছুই নেই। যে সরকার বিশ্ব বেহায়া নারী কেলেঙ্কারি এরশাদের সাথে জোট বেধে বড় বড় কথা বলছে তাকে বলার কিছুই থাকেনা।

তিনি বলেন, এখন খবরে দেখা যায় জলাবদ্ধতায় ঢাকা তলিয়ে গেছে কিছুদিন পরে এভাবেই খবরে দেখা যাবে আওয়ামী লীগ তলিয়ে যাচ্ছে।

আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। কিন্তু দেখা যায় এই শোকের মাসেই তাদের দলীয় একজন কেবিনেট মন্ত্রী মঞ্চে বসে গান গায়, এবং তার নেতা কর্মীরা নাচ গান করছে, এই যদি হয় তাদের শোকের মাসের চিহ্ন তাহলে তাদের কিছু বলার থাকেনা। এভাবে চলতে থাকলে জনগণ তাদের ভালোই বাসবে।

তিনি বলেন, কারফিউ জারির পর গুলি করার অর্ডার থাকলেও পূর্বে এধরনের ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাস্তায় দেখা মাত্রই বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে মারছে। তারা ভাবছে বন্দুকের গুলির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকা যাবে, কিন্তু এটি স্থায়ী নয়।

তিনি আরও বলেন, কিছু মিডিয়া উল্লেখ করে যে বিএনপি দল ভেঙ্গে গেছে, শেষ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি বিএনপি শেষ হওয়ার মতো দল নই। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে দল শেষ হতে পারেনা সময় মতো ঠিকই জেগে ওঠবে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন ও প্রমুখ।

এমএ/এসএইচ