যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও বর্তমান সরকার জনগণের জন্য ভয়াবহ মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত না হওয়ার কারনে বর্তমান সরকার দেশের বিপর্যের অন্যতম উপাদান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এক মানব বন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী সহযোগী সংগঠনের ঐক্য পরিষদের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এই সরকারের ব্যর্থতার কারণেই দেশের মানুষ আজ চরম অনিরাপত্তায় ভুগছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার বিরোধী দল দমনে ব্যবহার করছে।
দেশে আজ বিদ্যুত নাই, পানি নাই উল্লেখ করে মাহবুব বলেন, এর জন্য সরকার তাদের দায় এড়াতে পারেনা। কারণ তারা জনগণের দাবীর প্রতি তোয়াক্কা না করেই একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।
১০ম সংসদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সংসদ অভিহিত করে তিনি বলেন, দেশের কল্যাণে যত দ্রুত ১১তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ততই মঙ্গল।
সংগঠনের সভাপতি মেজর (অব.) হানিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাগপা সভপাতি শফিউল আলম প্রধান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ২৫ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]