বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, গুম, অপহরণ ও জুলুম-নির্যাতন চালিয়ে বর্তমান জুলুমবাজ সরকার জনবিষ্ফোরণের হাত থেকে কখনোই রেহাই পাবে  না।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদল নেতা শাকিল হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ পত্রে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিআরপি পুলিশ কর্তৃক গ্রেফতারের পর গতকাল বুধবার যুবদল নেতা শাকিলকে যুবলীগ-ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দেয়া হয়। এরপর সন্ত্রাসীরা শাকিলকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এবং আরেক নেতা কবিরকে গুরুতর আহত করেছে। বিএনপির পক্ষ থেকে এই বর্বরোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একদলীয় শাসন  প্রতিষ্ঠার জন্য এতটাই মরিয়া যে, তারা কেবল তাদের লালিত সন্ত্রাসীদের দিয়েই নয় বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার মাধ্যমে দেশে এক অরাজক ও ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে।

মির্জা আলমগীর বলেন, জিআরপি পুলিশ কর্তৃক গ্রেফতারের পর শাকিলকে যুবলীগ-ছাত্রলীগের হাতে তুলে দিয়ে পৈশাচিকভাবে হত্যা এবং কবিরকে গুরুতর আহত করা বর্তমান অবৈধ সরকারের ধারাবাহিক নির্মমতা ও জুলুম-নির্যাতন থেকে কোন আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শাকিলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

ঢাকা, এমএইচ, ১২জুন (টাইমনিউজবিডি.কম)