দেশের চলমান সংকট থেকে উত্তোরনের জন্য আন্দোলনের মাধ্যমে সরকারকে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের চলমান সংকটকে গণতন্ত্রের সংকট উল্লেখ করে মাহবুব বলেন, পার্লামেন্টে গণতন্ত্র নেই। পৃথিবীর কোথাও বিরোধী দল বিহীন সংসদ এমন ভাবে চলতে পারে না। এই সংকট থেকে উত্তরণে সরকারকে আন্দোলনের মাধ্যমে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে।
তিনি বলেন, দু’জন বিদেশী হত্যা হল আজও তার সুরাহা হল না এরই মধ্যে আবার শিয়াদের মিছিলে বোমা হামলা চালিয়ে ১ জন্ হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হল। এসব ঘটনায় আমরা হতবাক। এগুলো কিসের আলামত। এমন ঘটনাতো বাংলাদেশে আগে ঘটেনি।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জি. মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা‘র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সেচ্চাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসনে প্রমুখ।
এমএ/এআই





