বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি আবারো এই দাবী  করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যারা বলেন আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে তারা আন্দোলন কী জিনিস তা বুঝেন না। আমাদের আন্দোলন সফল হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকেই বলে থাকেন বিএনপি আন্দোলন করতে জানে না। কিন্তু আমি বলব, বিএনপিই আন্দোলন করতে জানে আর আওয়ামী লীগ আঁতাত করতে জানে।
বেগম খালেদা জিয়া বলেন, এই সরকার নিজেদের বৈধ সরকার দাবী করে। কিন্তু তাদের লজ্জা থাকলে তারা সেই দাবী করত না।
তিনি বলেন, সরকার এতটাই জনবিচ্ছিন্ন যে তারা জনগণের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। এজন্য তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কিন্তু দেশবাসীর দাবী অচিরেই নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নিতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভুলে গেলে চলবে না ক্ষমতা থেকে বিদায় নিলে জনগণ আপনাদের অপকর্মের হিসাব নিবে। তাই যাই করছেন হিসেব নিকেশ করে করবেন। আপনাদের সব অপকর্ম লিখে রাখা হচ্ছে।
এর আগে শনিবার বেলা ১২টায় সংগঠনটির ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক সংসদ সদস্য শাহ  আবু জাফর, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান সারোয়ার প্রমুখ।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিষ্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান  চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু প্রমুখ
দুই দিনব্যাপী এই কাউন্সিল অধিবেশনে আগামীকাল রোববার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
[b]ঢাকা, এমএইচ, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]