নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে  আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন মিয়াকেও ।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব আনা হলে তা সর্বসম্মতভাবে পাস হয়।
শীতলক্ষ্যা থেকে পর পর ৭ লাশ উদ্ধারের পর তাকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রায় ১০ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলো।
নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, একইসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।
নূর হোসেনের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. ইয়াসিন মিয়াকেও বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন থানা সভাপতি মজিবুর রহমান।
ইয়াসিন এই হত্যাকাণ্ডের দুই নম্বর আসামি। ঘটনার পর থেকে ইয়াসিন ও নূর হোসেন উভয়ই পলাতক। তারা বিদেশে পালিয়ে গেছেন বলেও ধারণা করা হচ্ছে।
৭ খুন নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অস্থায়ী কার্যালয়ের বর্ধিত সভায় বসে থানা আওয়ামী লীগ।
থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর সাংবাদিকদের বলেন, “নূর হোসেন ও ইয়াসিন মিয়াকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত মহানগর কমিটিকেও জানানো হয়েছে।”
সভায় এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১০ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]