চলমান সংকট উত্তরণে আবারও সংলাপের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন, ১৯ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ডের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘বেগম জিয়া বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তা থেকে উত্তরণে একটি অবাধ সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপের তাগিদ দিয়েছেন।’
তিনি বলেন, ‘বেগম জিয়ার এ বক্তব্যের সঙ্গে অস্ট্রেলিয়ার সরকার একমত বলে দেশটির সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ড জানিয়েছেন।’ এসময় অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ এর বাইরে তিনি আর কোন বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বৈঠকে বেগম খালেদা জিয়া ছাড়া দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্ঠা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। আর পল রবিলিয়ার্ডের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকও উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]