অভিনব প্রক্রিয়ায় দেশ পরিচালনা করায় বর্তমান সরকারকে নোবেল প্রাইজ দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার বিকেল ৬টায় মাদারীপুরে সাংগঠনিক সফরকালে স্থানীয় চরমুগরিয়া কমিউনিটি সেন্টারে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সরকারি দল তারাই বিরোধী দল। আবার যারা বিরোধী দল তারাই সরকারি দল। আমেরিকার আরেকটি নোবেল প্রাইজ দেওয়া দরকার। ওদের তো আফসোস, ইউনূস সাহেব নোবেল প্রাইজ পেয়েছে, তারা পায়নি।

তাদের এই যে একটা অদ্ভূত পলিটিক্যাল সায়েন্স (রাষ্ট্রবিজ্ঞান) তারা আবিষ্কার করেছে। এই তথ্য কোনো দিন কোনো পলিটিক্যাল সায়েন্সের বইতে তিনশ’-চারশ’ বছরেও পাইনি। কোনো লেখকও লেখেনি। কিন্তু আওয়ামী লীগ তা করেছে।’

এসময় তিনি বর্তমান সরকারের নানা অনিয়ম তুলে ধরে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এড. জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফাসহ ২০ দলের তৃর্ণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ