বর্তমান সরকারকে উৎখাত করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘বর্তমান সরকারকে উৎখাত ও ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে হিন্দু সম্প্রদায়কে হত্যা করা হচ্ছে। তাদের লক্ষ্য একটাই, দেশে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে উৎখাত করা।’

তিনি আরো বলেন, ‘তারা ভেবেছিল হিন্দুদের হত্যা করলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি, প্রতিবেশী রাষ্ট্রটির সাথে আমাদের আত্মার সম্পর্ক। এ সম্পর্ক আমাদের হাজার বছরের।

মুক্তিযুদ্ধে ভারতের ১৮ হাজার সৈন্যের রক্তে রঞ্জিত এ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না, সেটা ষড়যন্ত্রকারীরা বুঝতে পারেনি’

হানিফ বলেন, যারা এদেশে গুপ্তহত্যা, জঙ্গিবাদ করছে তারা বিএনপি-জামায়াতের। এখানে আইএস কিংবা বিদেশি কোনো সংস্থার অস্তিত্ব বা সম্পর্ক নেই।’

মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক জে এল ভৌমিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা প্রমুখ।

এসএম