মাদারীপুরে ৩০০ ক্যান অবৈধ বিয়ার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন দোকানমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবচর উপজেলা সদরে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের পরিদর্শক জিএম নাসিরুজ্জামান জানান, কনফেকশনারি ও মিষ্টির দোকানে বিয়ার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শিবচর পৌর বাজারে অভিযান চালান। এ সময় তানিয়া কনফেকশনারী, লুনা কনফেকশনারী ও ইসলাম সুইটস নামের তিনটি দোকান থেকে অলিস্টান, ত্রিহর্স ও বেভারিয়া নামের ৩০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এগুলোর বাজার দর প্রায় ৬০ হাজার টাকা।
এগুলো ওই সব দোকানে বেআইনিভাবে সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারে তিন দোকানমালিককে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নাসিরুজ্জামান আরো জানান, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই জব্দ বিয়ারগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
জেআই





