আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নখ-দন্তহীন বুড়ো বাঘিনীর মত হুংকার দিচ্ছে। জনগণ এ হুংকারকে ভয় পায় না।
বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঈদের পর আপনারা আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন। এ আন্দোলনে আপনাদের পাশে কেউ থাকবে না।
এ সময় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতারা কয়েকদিন যাবৎ উষ্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের এ উষ্কানি মূলক বক্তব্যের কারণে হামলা হয়েছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীকে খাতিয়ে দেখতে হবে।
শামীমের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪ টায় নগর আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল করবে জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা দুষ্কৃতকারীদের মত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দলের ভেতরে যেন কোন ভাবেই অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ঢাকা, এমআর, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ





