আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, না বুঝে যারা জামায়াতের বিচার চায় তারাই বিচার বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার সঠিক সময়ে হবে এবং আইনের নিয়ম নীতি মেনেই তাদের বিচার সম্পন্ন করা হবে। এ নিয়ে অধৈর্য্য হওয়ার কিছু নেই। আপনারা (গণজাগরন মঞ্চ, ঘাতক দালাল নিমূল কমিটি) আমার উপর আশস্ত থাকতে পারেন।
আজ (শনিবার) দুপুরে ঢাকা বারের বড় টিনসেড মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা যথাযথ নিয়ম মেনে শেষ করেছি। ১০০ বছর পরেও এ বিচারের মধ্যে কোন ব্যাতয় খুজেন পাবে না। দু’দিনের মধ্যে বিচার শেষ করিনি। তাই বলতে চাই জামায়াতের বিচারও সঠিক ভাবে করা হবে।
আওয়ামী আইনজীবীদের আশস্ত করে তিনি বলেন, ‘আমি আইনমন্ত্রী হিসেবে বলতে চাই। আপনাদের যত রকমের সাহায্য সহযোগিতা করা দরকার আমি তা করবো’।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে  বিভ্রান্ত ছড়িয়ে কোন লাভ নেই। যথা সময়ে তাদের বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতের সঙ্গে আতাঁত করার কোন প্রশ্নই আসেনা। আতাঁত করা হলে নিজামীর বিচার হতো না।
নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকান্ড সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিচার না করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। বিরোধী দল ও এক শ্রেনীর মানুষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে এ তদন্তকে প্রভাবিত করতে চাচ্ছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]