ভোট চুরির সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে বিভিন্ন নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে।’

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দিকে। বাংলাদেশের মানবাধিকার, অর্থপাচার, বাকস্বাধীনতার দিকে সবার নজর। বাংলাদেশের অসংখ্য মানুষ না খেয়ে থাকছে। আর এক শতাংশের নিচের মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। কোটি টাকা লোপাট করেছে, বিদেশে পাচার করেছে। এ টাকা ফেরত দিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। রাস্তাঘাটে, পথে, মাঠে, সমাবেশে সব জায়গায় আজ একটাই প্রশ্ন ফ্যাসিস্ট সরকার কবে বিদায় হবে। আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরও কিছুদিন এ অবৈধ সরকার যদি থাকে আমরা কেউ বাঁচবো না। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটি দিন অতিবাহিত করছি। দেশকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের স্পষ্ট বার্তা।’

এইচএম