নেত্রকোনা শহরের কাটলি এলাকায় পারিবারিক কবরস্থানে স্বামী গোলাম মুর্তজার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম (৭৪)।
শনিবার (০২ জানুয়ারি) বাদ আসর স্থানীয় অন্বেষা স্কুলমাঠে জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় আয়শা খানমকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
মরদেহ ঢেকে দেওয়া হয় জাতীয় পতাকা দিয়ে। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বেলা পৌনে ৩টার দিকে ঢাকা থেকে মরদেহ নেত্রকোনা শহরের কাটলি এলাকার নিজ বাসায় এসে পৌঁছায়। তখন সেখানে স্বজন ও এলাকাবাসীর মধ্যে বেদনাঘন পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম। তিনি ক্যানসারে ভুগছিলেন।
আজ ভোরে ঢাকার নিজ বাসভবনে অসুস্থ হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনায় জানাজা শেষে স্বামী গোলাম মুর্তজার কবরের পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
আয়শা খানম একমাত্র মেয়ে উর্মি খানমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমবি





