জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির আমলে করা উন্নয়ন এখনো মানুষ ভোগ করছে। তিনি বলেন, ৯ বছর ক্ষমতায় ছিলাম- ১০ হাজার মাইল পাকা রাস্তা করেছি। যমুনা সেতুর ভিত্তি প্রস্তর আমি দিয়েছি। এ সেতুর সম্পূর্ণ কৃতিত্ব জাতীয় পার্টির।

দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সেহরাওয়ার্দী উদ্দ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান আমি দিয়েছি। এর আগে তাদের কেউ সম্মান দেয়নি।

তিনি বলেন, আমি ক্ষমতা ছাড়ার পর যে আচরণ পেয়েছি তাতে করে সময় পেলে বিচারপতি সাহাব উদ্দিনকে কাঠ গড়ায় দাড় করাবো।

তিনি বলেন, তারেক বঙ্গবন্ধুকে রাজাকার বলেছেন। কোন সুস্থ্য মানুষ একথা বলতে পারে না। তিনি বলেন আমি আওয়ামী লীগকে সমর্থন দেয়ার পর আমার দল ভেঙ্গে দুই ভাগ করা হলো। আমি কোথাও ন্যায় বিচার পাইনি। এজন্য আমি একা চলি। কোন নিরাপত্তার প্রয়োজন হয় না। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপির সময় শত শত মানুষ খুন হয়েছে। অথচ আমাদের সময়ে কেউ খুন হয়নি।

বিচার ব্যবস্থাকে বিএনপি প্রশ্নবিদ্ধ করেছে মন্তব্য করে তিনি বলেন, আমাকে কয়েক বছর জেলে রাখা হয়েছিলো। আমার প্রতি ন্যায় বিচার করা হয়নি। ইতিহাস আপনি সৃষ্টি করেছিলেন এখন তা আপনাকেই শাস্তি দিচ্ছে।
তিনি গ্যাসের দাম বাড়ার বিরোধীতা করে বলেন, তেল গ্যাসের দাম বাড়ালে আমরা আন্দোলন করবো। সংসদ থেকে বের হয়ে আসবো।

এরশাদ তার ১৮ দফা পেশ করে নির্বাচন পদ্ধতির পরিবর্তন দাবি করেন। এছাড়া নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা, ভোট ডাকাতি বন্ধ ও গ্যাস-তেলের দাম বৃদ্ধি না করার দাবি জানান।

এরশাদ বলেন, ২০১৫ সাল জাতীয় পার্টির জন্য। আমরা দুঃসাহসী যাত্রা শুরু করেছি। আমরা ভয় পাই না। এখন থেকে আমাদের আন্দোলন শুরু হল।
তিনি বলেন, ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আমাদের যাত্রা থামবে না। আমাদের যাত্রা সেদিন শেষ হবে যেদিন জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।

জেএ