বামপন্থী ৮টি দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’গঠনের ঘোষণা দিয়েছে। একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত এ নতুন জোটের পক্ষ থেকে ৩টি কর্মসূচিও ঘোষণা দিয়েছে জোটের নেতারা।
আজ (বুধবার) দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
জোটের ঘোষিত কর্মসূচি হলো- ২৪ জুলাই বিক্ষোভ মিছিল, ৪ আগস্ট মতবিনিময় সভা, আগামী ১০ ও ১১ আগস্ট দেশের ৬টি বিভাগীয় শহরে জনসভা ও মিছিল।
জোটের নেতারা বলেন, “নির্বাচনকে যে প্রহসনে পরিণত করা হয়েছে এর বিরুদ্ধে আমরা একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে চাই। নির্বাচন কমিশনসহ যেসব জায়গায় প্রয়োজন সেখানে আমরা লাগাতার অবরোধসহ শক্তিশালী আন্দোলন করবো।”
সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বাসদ (মার্ক্সবাদী) এই ৮টি দল মিলে বাম গণতান্ত্রিক জোট গঠিত হয়েছে।
জোটের সমন্বয়ক করা হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে।
এমবি





