বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ।

শুক্রবার সকাল ১১ টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারন সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

এর আগে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে শেরেবাংলা নগরে জড়ো হতে থাকেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল রোডের বাসায় আটকাবস্থা থেকে মুক্তি পান তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। এই দিনটিকে ‘বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।

এমএইচ