আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নষ্ট রাজনীতির মূল হোতা। তার কারণেই বিএনপি রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। তারেক রহমানকে দল থেকে বহিস্কার করলেই বিএনপি তার হারানো গৌরব ফিরে পাবে।

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত বিএনপির অবরোধ বিরোধী এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ’৯১ থেকে ’৯৬ পর্যন্ত খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে কোনো নৈরাজ্য ছিল না। তবে ২০০১ থেকে ২০০৬ সালে জামায়াতে সঙ্গে বিএনপি যখন জোট গঠন করেছে ও তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছে তখন থেকেই বাংলাদেশে নৈরাজ্যের রাজনীতি শুরু হয়েছে।

তিনি বলেন, তালেবান ও আল কায়েদাকে সঙ্গে নিয়ে তারেক রহমান বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। বিএনপিকে ধ্বংস করার মূল হোতা তারেক রহমান। তারেককে দল থেকে বহিষ্কার করলেই বিএনপি তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবরোধের নাটক বন্ধ করুন। অবরোধ প্রত্যাহার করে সঠিক রাজনীতিতে ফিরে আসুন। আপনি বলছেন- সভা-সমাবেশ করতে দিলে অবরোধ তুলে নিবেন। আমরা সব সময় চাই আপনি সভা-সমাবেশ করুন। তবে সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে।

তিনি বলেন, দেশের কোথাও অবরোধ হচ্ছে না। জনজীবন এখন স্বাভাবিক, আগামী এক সপ্তাহের মধ্যে দেশ স্বাভাবিক পরিস্থিতি ফিরে পাবে। দেশের মানুষ এখন সচেতন, তারাই দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান নৈরাজ্যের জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হুকুমের আসামি করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। নৈরাজ্যকারীরা যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহীউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

 

এমআর/কেএইচ