আওয়ামী লীগ মাঠে আছে থাকবে। বিএনপির যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তারা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে ‘শেখ রাসেল শিশু সংসদ কমিটি’র উদ্যোগে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন নয়।

মন্ত্রী বলেন, ১৫ আগস্টে কেক কাটা বঙ্গবন্ধু হত্যা আনন্দের বহিঃপ্রকাশ। এটা জন্মদিন পালনের উদ্দেশে করা হচ্ছে না। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়া যেভাবে আনন্দ উল্লাস প্রকাশ করেছিল, খালেদা জিয়াও এখন সেই কাজটিই করছেন।

শেখ রাসেল শিশু সংসদের কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ড. সুলতানা শফীর সভাপতিত্ব করেন।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আখতার হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশারফ হোসেন ও ঢাকা বধির স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ