অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হরতাল এখন আর প্রতিবাদের ভাষা নয়। এখন হরতালে হিংস্রতার বহি:প্রকাশ ঘটে। আইন করে হরতাল বন্ধ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ ও যথেষ্ট দ্বায়িত্বশীল কাজ। আমি এর পূর্ণ সমর্থন করি।
তিনি বলেন, আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি প্রায় ২০ বছর ধরে আলোচিত হচ্ছে। তার মানে এই নয় যে কালকে পরশু হরতালকে বেআইনি ঘোষণার সিদ্ধান্ত পাবেন। এটা খুব তাড়াতাড়ি হবেনা।
শুক্রবার সিলেটে মদন মোহন কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার আশা করেছিলাম জিডিপি ৭ শতাংশ হবে। তবে এই মুহূর্তে এটা বাস্তবায়নে যথেষ্ট সন্দেহ রয়েছে। এর একমাত্র কারণ খালেদা জিয়া।
তিনি বলেন, চলমান হরতাল অবরোধের কারণে কাঙ্খিত জিডিপি বাস্তবায়নে শঙ্কা রয়েছে।
মুহিত বলেন, খালেদার অবরোধের উদ্যোগ সন্ত্রাসী উদ্যোগ ছাড়া কিছুই নয়। তার এ কর্মসূচির সাথে কারো সমর্থন নেই।
এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন উপস্থিত ছিলেন।
জেআই





