আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘মানুষ হত্যাকারী রাজনীতি দলের সঙ্গে কোন সংলাপ করতে চাই না। যাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ, তাদের সঙ্গে সংলাপে যাবে না আওয়ামী লীগ।’

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘আপনি এখন সংলাপে বসার জন্য আহ্বান জানাচ্ছেন। মধ্যবর্তী নির্বাচনের কথা বলে বিবৃতি দিচ্ছেন কিন্তু কেন? বিদেশি নাগরিক, লেখক-প্রকাশক, মুক্তমনাদের হত্যা করে ফায়দা নিতে চাচ্ছেন। সেটা সম্ভব নয়। আপনার সব অপচেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসী রুখে দেবে।’

বিএনপির সংলাপ আহ্বানের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, সংলাপ প্রগতিশীলদের সঙ্গে প্রগতিশীল রাজনৈতিক দলের হয়। প্রতিক্রিয়াশীল দলের হয় না। আর বাংলাদেশে প্রতিক্রিয়াশীলদের নেতৃত্ব দিচ্ছেন বেগম জিয়া। তাদের সঙ্গে কোন সংলাপ নয়।

তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল দলগুলো দেশকে আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করতে চায়। এরাই খুন, হত্যা, মানুষ পুড়িয়ে মারার সঙ্গে জড়িত। এরাই দেশের গণতন্ত্র অবরুদ্ধ করেছিলো, এখনও করতে চায়। এরাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনূস এমপি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা এম এ কবীর প্রমুখ।

এমএ