প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যার্তন না করলে এদেশের অগগ্রতি হতো না বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা।

তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনককে হত্যার পরে এদেশে অমানিশার অন্ধকার নেমে এসেছিলো। দেশের উন্নয়নের চাকা থেমে গিয়েছিলো। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ঘাতকরা এদেশকে আবারো পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিলো। দেশের রাজনীতিতে গণতন্ত্রের লেশমাত্রও ছিলো না। ঠিক সেই মুহুর্তে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মাধ্যমে দেশের হাল ধরলেন। তার দক্ষ নেতৃত্বের ফলেই দেশ আজ সর্বক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারিতে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও ধরিত্রী সেরা তুমি’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীরও আয়োজন করেছে সংগঠনটি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, সর্বক্ষেত্রে সমৃদ্ধশালী এই জনপদে বিভিন্ন সময়ে বর্র্গী নামক বেনিয়ারা লুটপাট করেছে। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছিলো, আদায় করেছিলো নিজেদের অধিকার। তাকে হত্যা করে সব অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিলো দীর্ঘদিন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে অগ্রযাত্রার সে রুদ্ধদ্বার আবার খুলে দিয়ে উন্নয়নের চাকা সচল রেখেছেন। কিন্তু চক্রান্তকারীদের দোসররা এখনও সক্রিয়। তারা যেকোনো সময় আবারো সব স্তদ্ধ করে দিতে পারে। তাই সবাইকে এ বিষয়ে সজাগ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্যে একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার ফলে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় ফিরে এসেছে। এটিই ছিলো তার সমচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে দল হিসেবে আওয়ামী লীগ শুধু ঘুরেই দাঁড়ায়নি, ফিরিয়ে এনেছে ‘জয় বাংলা’, ফিরে এসেছে ‘৭১’, ফিরে এসেছেন বঙ্গবন্ধু।

ইআর/এমবি