সরকারের মদদে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা হচ্ছে, অভিযোগ করে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘যতই হয়রানি করা হোক নির্বাচনের মাঠ ছাড়ব না।’
শনিবার সন্ধ্যায় শাহজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,পরাজয় আঁচ করতে পেরে শাসক দলের উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কমিশন থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
মির্জা আব্বাসের নির্বাচনী ক্যাম্পে ছাত্রলীগ ও যুবলীগ হামলা করছে বলেও অভিযোগ করেন আফরোজা আব্বাস।
‘নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেক নেতা-কর্মী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাচ্ছে’, বলেন তিনি।
নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি করতে যাচ্ছে বলেও সংশয় প্রকাশ করেন আব্বাসপত্নী।
তবু ভয় না পেয়ে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস।
এএইচ





