সুষ্ঠু ভাবে যেন সিটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানী ও চট্টগ্রামে সিটি নির্বাচনের হাওয়া লেগেছে। দেশের মানুষ চায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করুক। কিন্তু এই সুন্দর পরিবেশ কে দূষিত করার জন্য এক পক্ষ ষড়যন্ত্র করছে। কিন্তু সেসব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গমাতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আনন্দঘন এই সিটি নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামতে দেয়া না হোক। তারা অনেক মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো সংঘাত এ দেশের মানুষ চায় না।
যারা মুজিব নগরকে স্বীকার করতে চায় না, তারা বাংলাদেশকে স্বীকার করে না। সরকার বদল হয়েছে পাঠ্যপুস্তকও বদল হয়েছে তাই নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, ৭১ এর ঘাতক দালাল ও মুজিব নগরের সঠিক ইতিহাস সর্ম্পকে নতুন প্রজন্মকে জানতে দেয়া হয় নি। বর্তমান সরকারের কারণে দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সর্ম্পকে জানতে পারছে। এর আগে তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিলো।
জিয়াউর রহমানকে সিআইএ এজেন্ট আখ্যা দিয়ে খাদ্য মন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সব ধরনের কার্যক্রম প্রমাণ করে, যে তিনি প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না।
তাই ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানী হানাদাররা যে স্থানে মুক্তিযুদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সে স্থানটিকে ইতিহাস থেকে মুছে ফেলতে সেখানে শিশুপার্ক তৈরি করেছেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধান বিশেষজ্ঞ আমির উল ইসলাম বলেন, মুজিব নগর সরকার কোনো বিপ্লবী বা অস্থায়ী সরকার নয়। এটিই বাংলাদেশের প্রথম সরকার।
আয়োজিত সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন মনসুর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এম এ করিম প্রমুখ।
এমএ/এসএইচ





